সিলেটে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬০ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত বৃদ্ধার বাড়ি মৌলভীবাজারের জুড়ী উপজেলায়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালকের কার্যালয়ের দৈনিক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার দুপুর থেকে বুধবার দুপুরের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে। মৃত তিনজনের বাড়ি সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায়।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, শেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে আরও ৯ জনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে।
বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন, উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন, হবিগঞ্জ সদর হাসপাতালে ৬ জন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৩ জন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ১ জন ভর্তি আছেন।
বিভাগে ডেঙ্গু শনাক্তের সংখ্যা বাড়তে থাকায় সাধারণ মানুষকে সচেতন থাকার এবং মশাবিরোধী পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
