মঙ্গলবার , ১ আগস্ট ২০২৩, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:২৭
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষা-কার্যক্রমের অনুমোদন পেল সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

সিলেটের সকাল রিপোর্ট
আগস্ট ১, ২০২৩ ৩:৩৫ অপরাহ্ণ
Link Copied!

আগামী ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ নতুন ৩ পাবলিক বিশ্ববিদ্যালয়কে শিক্ষা কার্যক্রম শুরুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

আগামী বছর থেকে এসব বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ভর্তি করতে পারবে। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য অর্জন ও অংশগ্রহণমূলক পাঠদান নিশ্চিত করার জন্য কোন বিষয়ে সর্বোচ্চ ৪০ জন শিক্ষার্থী ভর্তির অনুমোদন দেয়া হয়।

সুনামগঞ্জ ছাড়া বাকি দুই বিশ্ববিদ্যালয় হলো- কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় এবং পিরোজপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

মঙ্গলবার (১ আগস্ট) ইউজিসি সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীরের সভাপতিত্বে এ তিনটি বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত অনুষদ, বিভাগ ও জনবল নিয়োগ সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের অধীনে গণিত- পদার্থ- রসায়ন ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি ও মৎস্য অনুষদ এবং পিরোজপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে গণিত- মনোবিজ্ঞান- পরিসংখ্যান ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং প্রয়োজনীয় জনবল অনুমোদন দেয়া হয়।

সভায় শিক্ষাকার্যক্রম যথাযথভাবে পরিচালনার জন্য মেধাবী, দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক নিয়োগ দিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পরামর্শ দেয়া হয়।

ইউজিসিতে অনুষ্ঠিত সভায় ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. আবু তাহের, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ কে এম জাকির হোসেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. আবু নঈম শেখ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর-এর ভিসি প্রফেসর ড. কাজী সাইফুদ্দীন, ইউজিসি’র পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান, অতিরিক্ত পরিচালক মো. ফজলুর রহমানসহ ইউজিসি ও বিশ্ববিদ্যালয়গুলোর সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় প্রফেসর আলমগীর বলেন, শর্তসাপেক্ষে নতুন তিন পাবলিক বিশ্ববদ্যিালয়ে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে অনুষদ, বিভাগ ও জনবল অনুমোদন দেওয়া হয়েছে। এ বিশ্ববিদ্যালয়গুলো স্মার্ট বাংলাদেশের জন্য দক্ষ জনবল তৈরি ও গবেষণার মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি উপাচার্যদের সম্পদের সর্বোচ্চ ব্যবহারে প্রাথমিকভাবে নিকটস্থ বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের ল্যাব ব্যবহারে সমঝোতা চুক্তি স্বাক্ষর করার পরামর্শ দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।