সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ৬নং দক্ষিণ রনিখাই ইউনিয়নের গৌরীনগর গ্রামের (৩নং ওয়ার্ড) হাজী আব্দুল খালিকের বাড়ির পুকুর থেকে এক অজ্ঞাতনামা কিশোরীর মাথা বিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। তার আনুমানিক বয়স ১৬ থেকে ১৮ বছর। তবে মৃত কিশোরীর পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।
মঙ্গলবার (৮ আগস্ট, ২০২৩) সকাল ৬ টার দিকে পুকুর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হিল্লোল রায় জানান, স্থানীয়রা সকাল ৬ টার দিকে পুকুরে অজ্ঞাতনামা কিশোরী লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। তার পরনে ফ্যাকাসে হলুদ সালোয়ার-কামিজ।পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
ওসি বলেন, স্থানীয়দের ভাষ্যমতে ওই কিশোরীর মাথা না থাকায় কেউ সঠিক ভাবে তাকে চিনতে পারতেছেন না।
হিল্লোল রায় আরও বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়। ময়নাতদন্তের পর সবকিছু জানা যাবে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান বলে জানান ওসি।
