মালনীছড়ায় উদ্ধারকৃত গ্রেনেড নিষ্ক্রিয়
সিলেটের মালনীছড়া চা বাগানের পাশের সড়ক থেকে উদ্ধার হওয়া তাজা গ্রেনেড নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিম। সোমবার (৫জুন) রাতে গ্রেনেডটি নিষ্ক্রিয় করে সেনাবাহিনী। এটি মুক্তিযুদ্ধকালীন সময়ের বলে ধারণা করছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন সিপন।
এর আগে গতকাল রোববার (৪ জুন) রাতে স্থানীয় লোকজনের দেওয়া তথ্যের ভিত্তিতে গ্রেনেডটি উদ্ধার করে পুলিশ। পরে সোমবার (৫ জুন) দিনে সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিমকে খবর দেওয়া হয়।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন সিপন জানান, গত রবিবার রাতে মালনীছড়া চা বাগান সংলগ্ন রাস্তার পাশে একটি গ্রেনেড পড়ে থাকতে দেখে জরুরি সেবা নাম্বার ৯৯৯-এ ফোন দেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ গিয়ে গ্রেনেডটি উদ্ধার করে। গ্রেনেডটি তাজা ছিল। ধারণা করা হচ্ছে গ্রেনেডটি মুক্তিযুদ্ধকালীন সময়ের। পরে আজ সোমবার সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিম এসে গ্রেনেডটি নিষ্ক্রিয় করে।
