সিলেট নগরীতে বিয়ে বাড়িতে চুরির অভিযোগে চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৫জুন) বিকেলে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে- মইয়ারচর সাকিনের শফিকুর রহমান শফিক (৫৪), আমিনা আক্তার (২২), নলকট গ্রামের আল আমিন (২২), তারেক (১৮), জুবায়ের (১৪) এবং পালপুর গ্রামের মারজান (১৪)।
এদের মধ্যে তারেক, জুবায়ের এবং মারজান ঘটনার সাথে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে।
পুলিশ জানায়, রোববার (৪জুন) নগরীর জালালাবাদ থানার কুমারগাঁও এলাকার মুহিবুর রহমানের ছোটবোনের বিয়ে উপলক্ষে পরিবারের সবাই সেন্টারে ছিলেন। তখন তাদের বাসার গ্রিল ভেঙে ঘরের প্রয়োজনীয় জিনিস ও নগদ অর্থ সহ স্বর্ণালংকার নিয়ে যায় চোরেরা। পরে পুলিশের সাড়াশি অভিযানে নগরীর বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেফতার করা হয়। ঘটনার মূল হোতা মারুফকে গ্রেফতারসহ চোরাইকৃত মালামাল উদ্ধারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
