সোমবার , ১০ জুলাই ২০২৩, ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:০৮
আজকের সর্বশেষ সবখবর

বিয়ানীবাজারে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে স্কুল ছাত্রের মৃত্যু

বিয়ানীবাজার সংবাদদাতা
জুলাই ১০, ২০২৩ ১:৪১ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের বিয়ানীবাজারে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে এক স্কুল ছাত্র নিহত ও অপর আরেকজন গুরুতর আহত হয়েছে। তাকে মুমুর্ষ অবস্থায় সিলেট প্রেরণ করা হয়েছে।

আজ সোমবার বেলা দেড়টায় কাকরদিয়া এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী জাবের আহমদ (১৬)। সে কাকরদিয়া তেরাদল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র ও উপজেলার শেওলা ইউনিয়নের দক্ষিনভাগ (নেরাউদ্দি) গ্রামের মৃত এনাম মিয়ার পুত্র। আহত আরিফ আহমদ (১৭) মেওয়া এলাকার নজরুল ইসলামের পুত্র। ঘাতক ট্রাক ড্রাইভার পলাতক রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিয়ানীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের কাকরদিয়া এলাকার কুশিয়ারা ব্রিকস লিমিটেডের ২০০ গজ দূরে বেলা দেড়টায় বিয়ানীবাজারগামী একটি ট্রাক (মৌলভীবাজার-ড ১১-০৪৮৮) বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে (রেজিস্ট্রেশন বিহীন) মুখোমুখি ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন দুই আরোহী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক জাবের আহমদকে মৃত ঘোষনা করেন এবং অপরজনকে মুমুর্ষ অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এদিকে, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিয়ানীবাজার থানা পুলিশ। তারা দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল এবং ট্রাক জব্দ করে। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করে।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম বলেন, দুর্ঘটনার পরপর ঘাতক ট্রাক চালক পালিয়ে গেছে। ইতিমধ্যে লাশ ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পলাতক ড্রাইভারকে গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে। তিনি আরো বলেন, নিহতের মা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।