সিলেটের গোলাপগঞ্জে এক মসজিদের ইমামের মোটরসাইকেল চুরির ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। এসময় চুরি হওয়া মোটরসাইকেল ও উদ্ধার করা হয়। তারা হলেন- সিলেটের গোলাপগঞ্জ সদর এলাকার আব্দুল কাদিরের ছেলে জামিল আহমদ (২৩) ও একই এলাকার উমর আলীর ছেলে ফাহিম আহমদ (২২)। তবে প্রধান অভিযুক্ত আরিফ এখনো আটক হয়নি।
জানা যায়, গোলাপগঞ্জের শরীফগঞ্জ এলাকার পানিয়াগা গ্রামের মসজিদের সাবেক এক ইমামের পূর্ব পরিচিত ছিলো স্থানীয় আরিফ নামের এক যুবক। আরিফ মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। পূর্ব পরিচয়ের জের ধরে কয়েকদিন আগে ওই ইমামকে মুঠোফোনে কল করে আরিফ বলেন- গোলাপগঞ্জের কানিশাইল গ্রামে একজন রোগী আছেন। ইমাম এসে ওই রোগীকে দেখে কবিরাজী চিকিৎসা দেওয়ার অনুরোধ করেন আরিফ। আরিফের অনুরোধে ওই ইমাম গত মঙ্গলবার সন্ধ্যার পর কানিশাইল গ্রামের একটি বাড়িতে আসেন। আরিফ-ই তাঁকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে আসেন। এসময় ওই বাড়িতে আরও কয়েকজন যুবককে অবস্থান করতে দেখা যায়।
ইমামকে নিয়ে একটি ঘরে ঢুকে তারা অপেক্ষা করতে বলেন। কিন্তু বেশ কিছুক্ষণ অপেক্ষা করেও কোনো রোগী দেখতে না পেয়ে ইমামের মনে সন্দেহ ঢুকে এবং তিনি ঘর থেকে বের হয়ে দেখেন- উঠোনে রাখা তার মোটরসাইকেলটি নেই। এ সময় তিনি আরিফ ও তার সঙ্গীদের এ বিষয়ে জিজ্ঞেস করলে তারা ইমামকে হুমকি-ধমকি দিয়ে বাড়িটি থেকে তাড়িয়ে দেয়।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন- খবর পাওয়ামাত্র অভিযানে নামে গোলাপগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে এ চক্রের দুজনকে আটক করি হয়। পরে আটকদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক আজ (বৃহস্পতিবার) দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
