সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার শেরপুর টুলপ্লাজায় বাসের ধাক্কায় একটি ব্যাটারিচালিত অটোরিকশার (টমটম) চালক ও এক নারী যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন- অটোরিকশা (টমটম) চালক জুয়েল মিয়া (২২) ও আসমা বেগম (৪৫)। এ ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন বলে স্থানীয়ভাবে জানা গেছে।
মঙ্গলবার (২৭ জুন) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত জুয়েল মিয়া শেরপুর নতুন বস্তির ইজ্জত আলীর ছেলে ও আসমা বেগম উপজেলার সাদিপুর ইউপির সুন্দিকলা গ্রামের সত্তার মিয়ার স্ত্রী।
তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী মিতালী পরিবহনের যাত্রীবাহী একটি বাস শেরপুর সেতু পার হয়ে টোলপ্লাজার একটু সামনে যাত্রীবাহী একটি ব্যাটারি চালিত ইজিবাইককে (টমটম) চাপা দেয়। এরপর বাসটিও উল্টে যায়। এ সময় অটোরিকশার চালক জুয়েল মিয়া, যাত্রী আসমা বেগম ঘটনাস্থলেই মারা যান। অটোরিকশায় থাকা আরও এক যাত্রীসহ বাসে থাকা ৬জন যাত্রী আহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসানীনগর থানার ওসি মাছুদুল আমিন বলেন, ‘নিহত দু’জনকে শেরপুর হাইওয়ে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।’
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
