মঙ্গলবার , ১৭ জুন ২০২৫, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৮:৫০
আজকের সর্বশেষ সবখবর

অটোরিকশা ও বালুবাহী ট্রাক ড্রাইভারের মধ্যকার মারামারির ঘটনায় সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার
জুন ১৭, ২০২৫ ৮:০৮ অপরাহ্ণ
Link Copied!

তুচ্ছ ঘটনায় অটোরিকশা ও বালুবাহী ট্রাক ড্রাইভারের মধ্যকার মারামারির ঘটনায় দেড় ঘন্টা সড়ক অবরোধ করেছেন ট্রাক শ্রমিকেরা। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত সিলেট-ভোলাগঞ্জ মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ রাখেন তারা। এসময় রাস্তার দু’পাশে কয়েকশ’ গাড়ি আটকে পড়ে। এতে বিপাকে পড়েন পর্যটক ও স্থানীয় বাসিন্দারা। পরে কোম্পানীগঞ্জ থানা পুলিশ এসে অবরোধকারীদের সাথে আলোচনা করে সড়ক থেকে ট্রাক সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

জানা যায়, উপজেলার হেডকোয়ার্টার্স টু শিলেরভাঙ্গা রাস্তা দিয়ে একটি বালুবাহী ট্রাক যাওয়ার সময় সড়কের বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সাথে ধাক্কা লাগে। এ নিয়ে অটোরিক্সা চালক ও ট্রাক ডাইভারের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। অটোরিকশার ড্রাইভারের সাথে শিলেরভাঙ্গা এলাকার আরো কয়েকজন যোগ দিয়ে ট্রাকের ড্রাইভার ও হেল্পারের সাথে মারামারিতে লিপ্ত হয়।
এ ঘটনায় ট্রাক ড্রাইভারের মাথায় ও হেল্পার পায়ে আঘাত পান। এর প্রতিবাদে টুকের বাজার এলাকায় সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে কয়েকটি ট্রাক আড়াআড়ি করে রেখে সড়ক অবরোধ করেন ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের শ্রমিকেরা।

উপজেলার টুকেরবাজারের ব্যবসায়ী আব্দুল হান্নান নয়ন বলেন, বেলা ১২টার কিছু সময় পর সড়কের মাঝে দুই গাড়ী চালকের তর্কবিতর্কের এক পর্যায়ে দুটি পক্ষ মারামারিতে লিপ্ত হয়। এ ঘটনার জেরে ট্রাক শ্রমিকেরা বেলা দুইটা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে। এতে সড়কে চলাচলকারী স্থানীয় বাসিন্দা ও পর্যটকেরা বিড়ম্বনার শিকার হয়। এই সময় এই সড়কে তুচ্ছ ঘটনার জেরে সড়ক অবরোধ করে দেন ট্রাক শ্রমিকেরা। এ ধরনের ঘটনা বন্ধ প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে।

ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কোম্পানীগঞ্জ উপজেলার সভাপতি কবির আহমদ জানান, আমাদের দু’জন সদস্যকে অটোরিকশা চালক ও তাদের সহযোগীরা মারধর করে আহত করেছে। শ্রমিক আহতের প্রতিবাদে অন্য শ্রমিকরা রাস্তা অবরোধ করেছিল। পরে পুলিশ অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে রাস্তায় যানচলাচল স্বাভাবিক করে দেওয়া হয়। আহতরা এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের মাহমুদ আল আদনান বলেন, দুই ড্রাইভারের মারামারির ঘটনায় সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মারামারি ঘটনায় অপরাধীদেরকে আটকের বিষয়টি শ্রমিকদেরকে আশ্বস্ত করে সড়ক থেকে ট্রাক সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। মারামারি ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।