নিখোঁজের ৪৪ ঘণ্টা পর সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথরে নিখোঁজ পর্যটক আব্দুস সালামের (২৩) লাশ পাওয়া গেছে। আজ মঙ্গলবার (৪ জুলাই) সকাল সাড়ে দশটায় ধলাই নদীর উৎসমুখে (ঘটনাস্থল থেকে প্রায় ৭০০ ফুট দূরে ধলাই নদীর দক্ষিণে) নদীতে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা।
এর আগে গত রোববার বিকেল আড়াইটার দিকে সাদা পাথরে পানিতে নেমে নিখোঁজ হন আব্দুস সালাম। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ২ দিন সন্ধান করেও তাকে খোঁজে পায়নি। সে মিরপুর-১১ এর অস্থায়ী ক্যাম্পের মৃত কালামের ছেলে।
নিখোঁজ ব্যক্তির সাথে থাকা মোঃ সাজ্জাদ হোসেন শাহিন নিখোঁজের দিন জানান, ঢাকার মিরপুর থেকে ৬ জন সাদাপাথর বেড়াতে আসেন। সেখানে তারা সকলেই গোসল করতে নামেন। এ সময় তারা ২ জন নদী সাঁতরে পার হওয়ার সময় পানির প্রবল স্রোতে সালাম নিখোঁজ হন।
বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায়। তিনি বলেন, ৪৪ ঘন্টা পর নিখোঁজ সালামের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।
