শনিবার , ২৬ এপ্রিল ২০২৫, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ১১:২২
আজকের সর্বশেষ সবখবর

সিলেট বিমানবন্দরে আটক তরল সোনাযুক্ত পোশাক পুড়িয়ে পরিমাণ জানা গেছে

স্টাফ রিপোর্টার
এপ্রিল ২৬, ২০২৫ ৭:৪৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আটক তরল সোনাযুক্ত পোশাক পুড়িয়ে এর পরিমাণ জানা গেছে। শুক্রবার সকালে আটক হওয়া এই স্বর্ণের পরিমাণ প্রায় ২.২ কেজি। যার বাজারমূল্য ৩ কোটি ১০ লাখ টাকা বলে জানিয়েছে কাস্টমস।

শনিবার দুপুরে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেটের কাস্টমস বিভাগের সহকারী কমিশনার (অতিরিক্ত দায়িত্ব বিমানবন্দর ও এয়ারফ্রেইট বিভাগ) ইনজামাম উল হক। তিনি বলেন, শুক্রবার আটক করা ওই ব্যক্তির পোশাক পুড়িয়ে ২ কেজি ১৯৫ গ্রাম লিকুইড/পেস্টকৃত স্বর্ণ পাওয়া গেছে। যার বাজারমূল্য ৩ কোটি ১০ লাখ টাকা। আটককৃত আলীম উদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করে থানায় প্রেরণ করা হয়েছে।

এবিষয়ে সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, গতরাতে সিলেট কাস্টমস কর্তৃপক্ষ থানায় মামলা করে আলীম উদ্দিনকে হস্তান্তর করেন। পরে শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল সাড়ে ১০টায় দুবাই থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ নম্বর ফ্লাইটে অভিযান চালিয়ে আলীম উদ্দিনকে আটক করে নিয়ে আসা হয়। পরে তাঁর শরীর স্ক্যান করে ট্রাউজার ও আন্ডার গার্মেন্টসের ভেতরে পেস্ট আকারে আনা তরল সোনা ধরা পড়ে। তখন তিনি সোনা থাকার বিষয়ে স্বীকারোক্তি দেন। এ সময় আলীমের পরিহিত চারটি অন্তর্বাস, দুটি গেঞ্জি, একটি শার্ট, প্যান্টসহ আটটি কাপড় জব্দ করা হয়। এগুলোর মধ্যে ভেতরের কাপড়গুলোতে সোনার প্রলেপ পাওয়া যায়।

আটককৃত আলীম উদ্দিন (৪০) সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের বাসিন্দা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।