সিলেটে ভারতীয় মহিষ, মদ ও বিড়িসহ প্রায় সত্তর লাখ টাকা মূল্যের চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার।
বিজিবি জানায়, বুধবার সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তের শূন্য লাইন থেকে ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সারিঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩৪ টি মহিষ আটক করে। আটককৃত মহিষের আনুমানিক বাজারমূল্য ৬৫ লাখ ৮০ হাজার টাকা।
আর বৃহস্পতিবার জৈন্তাপুর এবং কানাইঘাট উপজেলার সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৮৮ বোতল মদ এবং ভারতীয় পাতার বিড়ি ৮৪ হাজার পিস আটক করা হয়। আটককৃত মদ ও বিড়ির বাজারমূল্য ৩ লাখ টাকা।
দুইদিনে আটককৃত ভারতীয় মহিষ, মদ ও বিড়ির সর্বমোট আনুমানিক বাজারমূল্য ৬৮ লাখ ৮০ হাজার টাকা।
লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, জব্দকৃত মালামালের নিষ্পত্তির ব্যাপারে বিধি মোতাবেক কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
