সিলেটে বিএনপির লিফলেট বিতরণ ও মিছিল থেকে ৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এসময় পুলিশ ধাওয়া দিয়ে জেলা ও মহানগর বিএনপির লিফলেট বিতরণ ও মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।
শুক্রবার বাদ জুম্মা নগরের আম্বরখানা জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। আটককৃতদের সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় রাখা হয়েছে। আটককৃতরা হলেন- জেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক জালাল খান, সিলেট মহানগর বিএনপি নেতা আলী হায়দার মজনু, বিএনপি নেতা আকবর ও জেবুল মিয়া।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
জানা যায়, শুক্রবার বাদ জুম্মা নগরের আম্বরখানা এলাকায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন, সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরীর নেতৃত্বে বিএপির নেতাকর্মীরা লিফলেট বিতরণ ও পরে মিছিলের প্রস্তুতি নেন। এসময় পুলিশ বাধা দেয় পরে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, তারা রাস্তা অবরোধ করে ধ্বংসাত্মক কাজে লিপ্ত হয়েছিল। একারণে চারজনকে আটক করা হয়েছে। আটককৃতরা পুলিশের হেফাজতে রয়েছে।
এ ঘটনার পরে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী নেতৃত্বে একটি মিছিল নগরের চৌহাট্টায় গিয়ে শেষ হয়।
