মঙ্গলবার , ৬ মে ২০২৫, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ৯:৪১
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে এলজিইডি ভবন ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালনের ডাক

ডেস্ক রিপোর্ট
মে ৬, ২০২৫ ৭:২৭ অপরাহ্ণ
Link Copied!

  • # সিলেটের জকিগঞ্জ-কানাইঘাটবাসীর দুর্ভোগ লাঘবে মানববন্ধন
    #দ্রুত প্রদক্ষেপ গ্রহণ না করলে ১৮ জুন এলজিইডি ভবন ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালনের ডাক
    #বুধবার থেকে মাসব্যাপী ২ উপজেলায় প্রচারপত্র বিলি

সিলেটের জকিগঞ্জ-কানাইঘাটবাসীর দুর্ভোগ লাঘবে এলজিইডি ভবন ঘেরাওয়ের ডাক দিয়েছে বিএনপি। মঙ্গলবার পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেটের কোর্ট পয়েন্টে দুপুর ১২টা থেকে জকিগঞ্জ ও কানাইঘাট বিএনপির নেতাকর্মীরা নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে সিলেটের জেলা প্রশাসক শের মাহবুব আলমের কাছে স্মারকলিপি দেন তারা।

মানববন্ধনে জকিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিমের সঞ্চালনায় ও কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুন রশিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সিলেট জেলা বিএনপির ১ম সহসভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন)। এসময় তিনি বলেন, উন্নয়নবঞ্চিত জকিগঞ্জ ও কানাইঘাটবাসীর দুর্ভোগ লাঘবে বুধবার থেকে মাসব্যাপি দুই উপজেলায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হবে। দীর্ঘ এই সময়ের মধ্যেও যদি সরকারের টনক না নড়ে এবং দৃশ্যমান কোনো প্রক্রিয়া না দেখা গেলে আরো কঠোর আন্দোলনের সিদ্ধান্ত নেয়া হবে। প্রয়োজনে জকিগঞ্জ ও কানাইঘাট থেকে সর্বস্তরের মানুষ নিয়ে আগামী ১৮ জুন সিলেট এলজিইডি ভবন ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করা হবে। এরপরও যদি ফলাফল না আসে তখন, দুই উপজেলার বিএনপি নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ নিয়ে আরো কঠোর কর্মসূচি নেয়া হবে।

তিনি বলেন, সীমান্তবর্তী দু’উপজেলায় গত ১৭ বছরে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। যার কারণে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থাসহ নানামুখী সমস্যায় জর্জরিত এ অঞ্চলের মানুষ। সম্প্রতি যোগাযোগ ব্যবস্থার এতটাই বেহালদশা যে সড়কগুলোতে গাড়ি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রত্যেকটি রাস্তা ভেঙ্গে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ প্রেক্ষিতে বিএনপি সাধারণ মানুষের কষ্ট ও দুর্ভোগের কথা চিন্তা করে দ্রুত সড়ক মেরামতের দাবিতে স্থানীয়ভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরগুলোতেও যোগাযোগ করেছে। কিন্তু কোন লাভ হয়নি। তাই বাধ্য হয়ে জনদুর্ভোগ নিরসনে আমরা মাঠে নেমেছি।

তিনি আরও জানান, এই দুই উপজেলার সুরমা, কুশিয়ারা ও লোভা নদীর ভাঙ্গনে ফসলী জমি, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার, রাস্তাঘাট ও বসতভিটা হুমকির সম্মুখীন রয়েছে। ইতোপূর্বে নদীভাঙ্গনে আমরা অনেক কিছু নদীগর্ভে হারিয়েছে। এমতাবস্থায় নদীভাঙ্গন রোধে ব্লক বসানো যেমন প্রয়োজন, তেমনি নদীর দু’তীরের অরক্ষিত অংশগুলোতে নতুন করে বাঁধ নির্মাণের পাশাপাশি পুরাতন বাঁধগুলো মেরামত এখন সময়ের দাবি।

মানববন্ধন শেষে মিছিল নিয়ে জকিগঞ্জ ও কানাইঘাট বিএনপি নেতৃবৃন্দ জেলা প্রশাসক শের মাহবুব আলমের কাছে স্মারকলিপি প্রদান করেন।

এসময় মানববন্ধন ও স্মরকলিপি কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি মাহবুবুল হক চৌধুরী, জকিগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি শফিকুর রহমান শফিক, কানাইঘাট উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক চেয়ারম্যান আব্বাস উদ্দিন আব্বাস, কানাইঘাট উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান মাস্টার রফিক আহমদ চৌধুরী, কানাইঘাট উপজেলা বিএনপির সহ-সভাপতি ওয়েছ আহমেদ, জকিগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমেদ, কানাইঘাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান খসরু, উপজেলা বিএনপির সদস্য ও ৮নং ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার আবু বক্কর প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।