# সিলেটে Anti Corruption Movement (ACM) এর আলোচনা সভা
সম্মিলিতভাবে দুর্নীতি বিরোধী আন্দোলনের মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। শুক্রবার সিলেটের রেইনবো গেষ্ট হাউজ কনফারেন্স হলে Anti Corruption Movement (ACM) এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের সভাপতি এম বদরুল ইসলাম এ কথা বলেন।
বাংলাদেশে দুর্নীতি প্রতিরোধে সামাজিক আন্দোলন শীর্ষক আলোচনাসভা Anti Corruption Movement (ACM) এর সিলেটের বিভাগীয় সংগঠক আ ন ম জামান চৌধুরীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভাশীষ দে এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়। সভায় দূর্নীতি প্রতিরোধসহ দূর্নীতির কুফল এবং এর প্রতিকারে সমাজের ভূমিকা ও করণীয় সম্পর্কে আলোচকরা বক্তব্য রাখেন।
এসিএম এর কেন্দ্রীয় সদস্য মেহনাজ মালার উপস্থাপনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আসরার হাবীব, আমিনুল ইসলাম বকুল, আশরাফ-উল-আলম ও বিশিষ্ট নাগরিক আলমগীর কুমকুম প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় প্রধান অতিথির বক্তব্য এম বদরুল ইসলাম বলেন, এন্টি করাপশন মুভমেন্ট (এসিএম) একটি দূর্নীতিমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখে। সচেতনতা বৃদ্ধি, সততার চর্চা এবং নীতিগত পরিবর্তনের মাধ্যমে একটি উত্তম সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে এসিএম। এসময় তিনি সিলেট বিভাগের সকল নাগরিককে সংগঠনের সকল কার্যক্রমকে সফল করতে সহযোগিতা করার আহবান জানান।
এসিএম সভাপতি বলেন, গত কয়েক দশকে দূর্নীতির শীর্ষে বাংলাদেশ। এটি আর্ন্তজাতিক পরিমন্ডলে একটি লজ্জার বিষয়। সকলে সম্মিলতভাবে কাজ করলে, দূর্নীতির সূচকের শীর্ষস্থান থেকে বাংলাদেশেন অবস্থান নীচে নামতে বাধ্য। আর তাই, এসিএম একটি অ-রাজনৈতিক, অ-সাম্প্রদায়িক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। এই সংগঠন গণতন্ত্র, ন্যায়বিচার, আইনের শাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা, সততা এবং নিরপেক্ষতার মূল্যবোধে অটল।
আলোচকরা তাদের বক্তব্যে বাংলাদেশে জনসেবায় ঘুষ, রাজনৈতিক প্রভাবে ন্যায় বিচার থেকে সাধারণ জনগণের বঞ্চিত হওয়া, সরকারি দপ্তর, প্রকল্পে অনিয়ম ও দূর্নীতির চিত্র তুলে ধরেন। তারা বলেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে যাওয়া এই দূর্নীতিকে মুক্ত করতে Anti Corruption Movement (ACM) জনসচেতনতা বাড়াতে কাজ করবে, আইনি ব্যবস্থা গ্রহণ করবে, গবেষণা কার্যক্রমের মাধ্যমে দূর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে সুপারিশ করবে ও দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করতে সহযোগিতা করবে।
