সিলেট সিটি কর্পোরেশনের দুই বারের নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী লক্ষাধিক ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট-৪ আসনে এবারই প্রথম সংসদ সদস্য পদে লড়ে তিনি ১ লাখ ৮৫ হাজার ৭০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদীন পেয়েছেন ৬৯,৫৮৯ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাথে তার ভোটের ব্যবধান ১ লাখ ১৬ হাজার ১১৪। গোয়াইনঘাট উপজেলার সহকারি রিটার্নিং রতন কুমার অধিকারী, কোম্পানীগঞ্জের সহকারি রিটার্নিং অফিসার রবিন মিয়া এবং জৈন্তাপুরের সহকারী গোলাম মোস্তফা স্বাক্ষরিত রেজাল্ট শিট থেকে এ তথ্য জানা গেছে।
আরিফুল হক চৌধুরী এক প্রতিক্রিয়ায় আল্লাহর শুকরিয়া আদালয় করে এ বিজয় তিন উপজেলার মানুষকে উৎসর্গ করেন। তিনি বলেন, ‘আগামীকাল (শুক্রবার) থেকে তিনি তার নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রম শুরু করে দেবেন।
আওয়ামী লীগ সরকারের আমলে দুই বার মেয়র পদে বিজয়ী হয়ে সারাদেশে আলোচিত হন আরিফুল হক চৌধুরী। এবার তিনি সিলেট-১ আসনে বিএনপি’র প্রার্থী হতে চেয়েছিলেন। তবে, দলের পক্ষ থেকে তাকে সিলেট-৪ আসনে মনোনয়ন দেয়া হয়। প্রথমবারের মতো এ আসনের প্রার্থী হয়ে ফলাফলে বাজিমাত করলেন তিনি।
