সোমবার , ৭ এপ্রিল ২০২৫, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ১১:২৫
আজকের সর্বশেষ সবখবর

ধলাই সেতু রক্ষায় ছাত্র-জনতার মানববন্ধন, ইউএনও বরাবর স্মারকলিপি: ৫ দফা দাবি

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ৭, ২০২৫ ৮:২৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেট ভোলাগঞ্জ ধলাই সেতুর নিচ থেকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন বন্ধ ও সেতুর স্থায়িত্ব রক্ষার দাবিতে কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই সেতুর পূর্বপাড়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকালে সচেতন ছাত্র-জনতার আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনের শুরুতে ফিলিস্তিনের ওপর ইসরায়েলি হামলার প্রতিবাদে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে সংহতি প্রকাশ করা হয়। এরপর শুরু হয় মূল মানববন্ধন কর্মসূচি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আব্দুর রহিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. ফয়জুর রহমান, সিলেট এমসি কলেজের মো. নূর আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসান, নাহিদুল হক নোমান, তাজুল ইসলাম, আশরাফুলসহ আরও অনেকে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর রেদোয়ান মনা, অফিস সম্পাদক ফখর উদ্দীন।

বক্তারা বলেন, ধলাই সেতু এলাকার একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। সেতুর নিচ থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের কারণে এটি মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে। অবিলম্বে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

এ সময় ব্যানারে লেখা ছিল, “ধলাই সেতুর নিচ থেকে অবৈধভাবে বালি-পাথর বন্ধকরণ রক্ষার দাবিতে মানববন্ধন”।
স্লোগানও ছিল বেশ শক্তিশালী, যেমন- “প্রশাসনের নাকের ডগায়, সেতুর ক্ষতি হবে কেন?” “ব্রিজের নিচে খনন চলে, প্রশাসন তুমি কি কর?” “প্রশাসন-জনতা ভাই ভাই, ব্রিজ রক্ষা করা চাই”।

মানববন্ধন শেষে সেতুতে পদযাত্রা অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর ৫ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি পেশ করা হয়। দাবিগুলো হলো- মোবাইল কোর্ট পরিচালনা করে সেতুর নিচ থেকে অবৈধভাবে বালি-পাথর উত্তোলনকারীদের দ্রুত আইনের আওতায় আনা, সেতুর নিরাপত্তায় নিয়মিত টহলের ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনে বিজিবি ক্যাম্পের সহায়তা নিশ্চিত করা, সেতুর রক্ষণাবেক্ষণে যথাযথ কর্তৃপক্ষ বরাবর সঠিক তথ্যউপাত্ত সরবরাহ করা, সেতুর দুই পাশে ও পুরো সেতুতে আলোর ব্যবস্থা নিশ্চিত করা এবং প্রকৌশলীদের মাধ্যমে সেতুর বর্তমান অবস্থা পর্যালোচনা করে প্রয়োজনীয় সংস্কার উদ্যোগ গ্রহণ করা।

বক্তারা হুঁশিয়ারি দেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দাবিগুলো বাস্তবায়নে প্রশাসন কার্যকর পদক্ষেপ না নিলে আগামীতে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

এবিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহার বলেন, আজ এলাকাবাসী আমার কাছে ৫ দফা দাবি নিয়ে স্মারকলিপি দিয়েছেন। আমরা সেগুলো দেখে কাজ করবো। ধলাই ব্রিজের বিভিন্ন জায়গায় প্রতিনিয়তই আমরা অভিযান চালাচ্ছি। সেতু রক্ষায় আমরা শিগগিরই ধলাই সেতু এলাকায় অভিযানে নামবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।