শুক্রবার , ১১ আগস্ট ২০২৩, ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, বিকাল ৪:৫৯
আজকের সর্বশেষ সবখবর

গোলাপগঞ্জে ৩৩ বছর পালিয়ে থাকার পরও রক্ষা হলো না যাবজ্জীবন মামলার আসামির

গোলাপগঞ্জ প্রতিনিধি
আগস্ট ১১, ২০২৩ ১০:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেটের গোলাপগঞ্জে ৩৩ বছর পলাতক থেকে শেষ পর্যন্ত রক্ষা হলোনা হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাসুক মিয়া (৫৬) নামের এক আসামীর। অবশেষে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের জালে আটকা পড়তে হয় তাকে। ১৬ বছর বয়সে খুন করেছিলেন মাসুক মিয়া, ৫৬ বছর বয়সে গ্রেপ্তার হন তিনি।

বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার লক্ষনাবন্দ ইউনিয়নের করগাঁও গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাজাপ্রাপ্ত আসামি মাসুক মিয়া করগাঁও গ্রামের চরন মিয়ার ছেলে । তিনি চাঞ্চল্যকর আব্দুস সালাম হত্যা মামলার আসামী। আব্দুস সালাম একই গ্রামের হাছন আলীর ছেলে।

মাসুক মিয়া গোলাপগঞ্জ মডেল থানায় মামলা (নং- ০৮(০৪)৯০), জি.আর মামলা নং- ৩৯/৯০, দায়রা নং ২৯/৯১ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী।

জানা যায়, ১৯৯০ সালে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার পুরকায়স্থ বাজার থেকে করগাঁও যাওয়ার পথে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে আব্দুস সালামকে নির্মমভাবে হত্যা করেন মাসুক মিয়া। হত্যার পর তিনি কৌশলে চট্রগ্রাম চলে যান। এরপর সেখানে কয়েকমাস থাকার পর চাচা আরজদ আলীর কাছে ভারতে চলে যান। আরজদ আলী পাকিস্তান আমল থেকেই ভারতে অবস্থান করছিলেন। সেখানে চাচার আশ্রয়ে থেকে দীর্ঘ ৩৩বছর কাটিয়ে দেন। মাঝে মধ্যে ছদ্মবেশে দেশে আসতেন। দু এক মাস অবস্থান করে আবার ভারতে চলে যেতেন।

সম্প্রতি আবারও দেশে আসলে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (প্রশাসন) মো: রফিকুল ইসলাম এর নেতৃত্বে এসআই লুৎফুর রহমানসহ পুলিশের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (প্রশাসন) রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীকে শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।