যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। পরে সকাল দশটায় এমসি কলেজ কর্তৃক আয়োজিত শোক র্যালি অধ্যক্ষ কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে জাতির পিতার ম্যুরালে শেষ হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন কলেজের অধ্যক্ষ, শিক্ষক পরিষদ, , কর্মচারী পরিষদ, সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠন।
পরে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও যুব রেড ক্রিসেন্ট মুরারিচাঁদ কলেজ ইউনিটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়।
পরে জাতীয় শোক দিবস উপলক্ষে কলেজ অডিটোরিয়ামে শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক মোছাম্মৎ জেবিন আক্তারের সঞ্চালনায় ও এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১৫ আগস্টে নিহত সকল শহীদদের স্মরণ করে সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ বলেন, আগস্ট মাস, শোকের মাস। শোককে শক্তিতে রূপান্তরিত করার মাস। আগস্ট মাসে আমরা শুধু শোকহত হই না, শোককে শক্তিতে রূপান্তরিত করি। পশ্চিম পাকিস্তানের মতো শক্তিশালী দেশের বিরুদ্ধে লড়াই করে, বাঙালিরা দেশকে স্বাধীন করেছেন। এটা কিন্তু, অনেক বড় বড় রাষ্ট্র মেনে নিতে পারে নি। অনেক ক্ষমতাধর রাষ্ট্র আমাদের স্বাধীনতার পক্ষে ছিলেন না, তবুও আমরা বঙ্গবন্ধুর সুযোগ্য নেতৃত্বে জয়ী হতে পেরেছি।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু দেশে ফেরার সময় ব্যাংকে ছিল মাত্র ১৮ ডলার, কোনো স্বর্ণ ছিল না, রিজার্ভে কোনো টাকাও ছিল না। অনেকে বলেছিল এই রাষ্ট্র বেশিদিন ঠিকবে না। এই অবস্থা থেকে বঙ্গবন্ধু রাষ্ট্রপ্রধান হয়ে যুদ্ধ বিধ্বস্ত দেশকে অনেকদূর এগিয়ে নিয়ে যান। বর্তমানে তার সুযোগ্য কন্যার নেতৃত্বে দেশ ডিজিটাল থেকে স্মার্ট দেশে রূপান্তরিত হচ্ছে।
জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। জাতীয় সংগীত পরিবেশন করেন কলেজের বিভিন্ন সংগঠনের শিল্পীরা। সভায় স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক পরিষদ সম্পাদক মো. তৌফিক এজদানী চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সাইফুদ্দীন আহম্মদ। এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন এমসি কলেজ ছাত্রলীগ নেতা দিলোয়ার হোসেন রাহী, হাবিবুল ইসলাম হাবিব, রোভার স্কাউটের সভাপতি ইমাম হোসাইন শিহাব।
আলোচনা সভায় ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’-এর প্রেক্ষাপটে আলোচনা পর্বে অংশ নেন রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর তোফায়েল আহমেদ, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক প্রবীর রায়, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো: বায়েজীদ আলম, দর্শন বিভাগের প্রভাষক সাবিহা আক্তার প্রমুখ।
আলোচনা পর্বের বিভিন্ন পর্যায়ে মোহনা সাংস্কৃতিক সংগঠন মুজিব থিম সং- ‘তুমি বাংলা ধ্রুবতারা’ ও ‘যদি রাত পোহালে শোনা যেত’ পরিবেশন করে। কবিতা- ‘বাংলাদেশ’ ও গান- ‘সকাতরে ওই কাঁদিছে সকলে’ পরিবেশন করে থিয়েটার মুরারিচাঁদ। এছাড়াও কলেজের মুরারিচাঁদ কবিতা পরিষদ ও কবিতা আবৃত্তি করে।
এরপর জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত বাংলা কবিতা আবৃত্তি, বাংলা রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
আরবি ও ইসলাম শিক্ষা বিভাগের শিক্ষক মাহবুবুর রহমানের দোয়া মাহফিল পরিচালনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
