শুক্রবার , ৪ জুলাই ২০২৫, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ৭:০৩
আজকের সর্বশেষ সবখবর

সিকৃবিতে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে “জুলাই ৩৬ গেইট” এর উদ্বোধন

সিকৃবি প্রতিনিধি
জুলাই ৪, ২০২৫ ৮:১৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) জুলাই বিপ্লবের স্মৃতি অম্লান রাখতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক “জুলাই ৩৬ গেইট” উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের দাবির প্রেক্ষিতে প্রতিষ্ঠিত ও ১ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত সিকৃবির এই ফটক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম।

এসময় অন্যান্যের মধ্যে ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম মাহবুব-ই-ইলাহী, বিভিন্ন অনুষদীয় ডিন, বিভিন্ন দপ্তরের পরিচালক, হল প্রভোস্ট, রেজিস্ট্রার, দপ্তর প্রধানসহ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

“জুলাই ৩৬ গেইট” উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে সিকৃবি ভিসি বলেন, “জুলাই ৩৬ গেইট” শুধু একটি গেইট নয়, এটি প্রজন্ম থেকে প্রজন্মে স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য লড়াইয়ের এক নিরব সাক্ষী। তরুণদের জন্য এটি একটি অনুপ্রেরণা যেন তারা ভুলে না যায়, কীভাবে অধিকার রক্ষায় মানুষ তাঁদের জীবন বিসর্জন দিয়েছিলেন। শহিদদের স্মরণে ও তাঁদের আত্মত্যাগকে চিরস্থায়ীভাবে গেঁথে রাখার জন্য সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে নির্মিত হয়েছে “জুলাই ৩৬ গেইট”। এটি আত্মত্যাগ ও একটি স্বপ্নের প্রতীক যে স্বপ্নে ছিল একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ।
গেইটটির নাম “জুলাই ৩৬” রাখা হয়েছে ২৪ এর জুলাইয়ের শহিদ ও আহত বীর সন্তানদের প্রতি সম্মান জানিয়ে। নামটির প্রতিটি অংশে নিহিত আছে স্মৃতি ও প্রতিজ্ঞা। ৩৬ জুলাই কেবল অতীতের একটি দিন নয়, এটি ভবিষ্যতের জন্য এক অনুপ্রেরণা, যা অন্যায়ের বিরুদ্ধে লড়াই এবং ন্যায়বিচারের জয়কে চিরস্মরণীয় করে রাখবে।

সিকৃবির প্রধান প্রকৌশলী প্রফেসর ড. মুহাম্মদ রাশেদ আল মামুন জানান, সিকৃবির ভিসি প্রফেসর ড. মো. আলিমুল ইসলামের ঐকান্তিক প্রচেষ্টায় ও প্রতিশ্রুতি অনুযায়ী ২০২৪-২৫ অর্থ বছরে ১ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে স্থাপনাটি সফলভাবে সম্পন্ন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।